বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের নাগরিকদের জন্য সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মূলত ইরান-ইসরায়েল পরিস্থিতির ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে দেশটি।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভিসার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। সম্পূর্ণ সম্প্রসারণ প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই সম্পন্ন হবে। এর জন্য কোনো অতিরিক্ত ফি প্রদান করতে হবে না। এমনকি মেয়াদ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বিভাগে যাওয়া বা নতুন করে কোনো আবেদন জমা দেওয়ারও প্রয়োজন নেই।
তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব দর্শনার্থী বা বাসিন্দা ভিসার নিয়ম লঙ্ঘন করেছেন, তাদের ক্ষেত্রে মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, নিয়ম লঙ্ঘনকারীদের প্রথমে তাদের লঙ্ঘনের সময়কালের জন্য প্রয়োজনীয় জরিমানার অর্থ বা নিষ্পত্তি ফি পরিশোধ করতে হবে। এই ফি পরিশোধের পরই উল্লিখিত তারিখ থেকে তাদের জন্য ভিসার মেয়াদ বর্ধিতকরণ এবং ফি অব্যাহতির সুবিধাটি প্রযোজ্য হবে।
বর্তমানে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে দেশে অবস্থানরত সকল বাসিন্দা ও দর্শনার্থীদের আইনি অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
ডিবিসি/আরএসএল