সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। নতুন এই বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।
বৈঠকে ‘বেতন ও চাকরি কমিশন, ২০২৬’ এবং সচিব কমিটির সুপারিশের আলোকে নতুন বেতন স্কেল ও ভাতাদি নির্ধারণের প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন দেওয়া হয়। নতুন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ২০তম গ্রেডের জন্য মূল বেতন ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এর জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নবম পে-স্কেলে প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীদের ‘প্রতিবন্ধী সন্তান’ ভাতা হিসেবে প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সকালে নতুন পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত থেকে বেতন কাঠামো বাস্তবায়নের আর্থিক প্রভাব ও প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের পর দীর্ঘ প্রায় ১১ বছর ধরে আগের ২০১৫ সালের বেতন কাঠামোর মাধ্যমেই সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারিত হয়ে আসছিল। নতুন এই পে-স্কেল অনুমোদনের ফলে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রায় ৯ লাখ পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এর সুফল পাবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আইনি যাচাই ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে এক থেকে দুই সপ্তাহের মধ্যে এসংক্রান্ত প্রজ্ঞাপন বা চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে।
ডিবিসি/আরএসএল