আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, স্বাস্থ্যমন্ত্রী যদি দাবি করে থাকেন যে, আদ-দ্বীন হাসপাতাল তার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তাহলে সেই অভিযোগের প্রমাণ তাকেই দিতে হবে।
সোমবার (১৫ জুন) বিকেলে আদ-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “টাকা নিয়ে কেন ঘুরব? এমন কিছু করিনি।” হাসপাতালের লাইসেন্স ফিরে পেতে মঙ্গলবার আপিল করা হবে বলেও জানিয়েছেন শেখ মহিউদ্দিন।
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গত ১১ জুন রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। তিন দিনের মধ্যে রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে বলা হয়। লাইসেন্স বাতিলের পর বিপাকে পড়েন সেখানে চিকিৎসাধীন রোগীরা।
আদ-দ্বীনের লাইসেন্স বাতিল নিয়ে আলোচনার মধ্যে ১৩ জুন নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন দাবি করেন, লাইসেন্স বাঁচাতে হাসপাতালটির কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে তার পেছনে ঘুরেছে।
স্বাস্থ্যমন্ত্রী সেদিন বলেছিলেন, “এই যে আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোনো টাকার প্রতি লোভ হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, আমি পূর্ণ সমর্থন দেব। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।
আর জামায়াতের লোকেরা বলে, এটা নাকি বেইনসাফ হইছে। মানে, ওই ব্যাটাও জামায়াত করে। মানুষকে ধোঁকা দেয়। কয়েকটা টাকা কম নেয়। ছয়টা বাচ্চাকে মেরে ফেলছে। ওরা এখন উনার পক্ষে কথা বলে। কথা বলুক আর যাই করুক, লাইসেন্স বাতিল করছি তো করছিই। এই একটা শাস্তি, সারা বাংলাদেশের বেসরকারি হাসপাতালগুলো ঠিক হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “মানুষকে সেবা দিতে হবে। সস্তার কথা বলে টাকা কম নেয়! আরে কী কম নেয়? ছয়টা মায়ের কোল খালি করছে। কাজেই এগুলো থেকে আপনাদের সাবধান থাকতে হবে।”
স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের এক দিন পর সোমবার সংবাদ সম্মেলনে এসে সেই অভিযোগ পুরোপুরি নাকচ করলেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।
ডিবিসি/এসএফএল