মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। যাদের মধ্যে ৫ জন মন্ত্রীর এবং ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন। বিএনপি সরকার গঠনের পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপদেষ্টা নিয়োগ দেয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন: মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মো. ইসমাইল জবিউল্লাহ, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
একই সাথে প্রতিমন্ত্রী পদমর্যাদায় আরও ৫ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন: হুমায়ূন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন, রেহান আসিফ আসাদ।
এছাড়াও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রশাসনেও পরিবর্তন আনা হয়েছে। মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথের পর তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ডিবিসি/ এসএফএল