ব্রাহ্মণবাড়িয়ায়

মব করে বিজিবির কাছ থেকে চোরাইপণ্যের গাড়ি ছিনিয়ে নিলো চোরাকারবারিরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সংঘবদ্ধ চোরাকারবারিরা মব তৈরি করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছ থেকে চোরাই পণ্যবোঝাই একটি গাড়ি ছাড়িয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে এই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত করে বিজিবি সদস্যদের ওপর হামলারও চেষ্টা করা হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, কসবা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে আনা চোরাইপণ্য নয়নপুর বাজারের একটি গুদামে মজুত করে রাখে চোরাকারবারিরা। পরবর্তীতে সুযোগ বুঝে বুধবার দুপুরে একটি পিকআপ ভ্যানে করে সেসব পণ্য পাচারের চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিকআপটি জব্দ করেন।

 

তবে চোরাকারবারিরা উক্ত পণ্যগুলোকে বৈধ বলে দাবি করতে থাকে এবং গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য বিজিবি সদস্যদের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে, চোরাকারবারিরা আরও লোকজন জড়ো করে সেখানে মব বা চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।


পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে এবং স্থানীয়দের ভিড় বাড়তে থাকলে, পরিস্থিতি সামাল দিতে ও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি জব্দকৃত গাড়িটি ছাড়তে বাধ্য হয়।

 

পুরো ঘটনাটি সম্পর্কে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শফিউল ইসলাম গণমাধ্যমকে বিস্তারিত জানান, "চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে জব্দকৃত গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে গুলি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে রক্তপাত এড়াতে বাধ্য হয়ে জব্দকৃত গাড়িটি ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন