ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সামনে নাগরদোলা ভেঙে অন্তত পাঁচ শিশু-কিশোর আহত হয়েছে। শুক্রবার (১ মে) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে পার্কের মূল ফটকসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার সন্ধ্যায় পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। বেশ কয়েকজন শিশু-কিশোর নিয়ে চলন্ত অবস্থায় হঠাৎ নাগরদোলার একটি অংশ বিকট শব্দে ভেঙে নিচে পড়ে যায়। এতে আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনার পরপরই পুরো পার্ক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জবাইদুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি হওয়া আহত পাঁচজনের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে তাদের সবার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতা ও তদারকির অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা জানান, দীর্ঘদিন ধরে জয়নুল উদ্যানে দৈনিক চাঁদার বিনিময়ে অবৈধভাবে এসব ঝুঁকিপূর্ণ নাগরদোলা বসিয়ে ব্যবসা চালানো হচ্ছে। বারবার এসব উচ্ছেদের দাবি জানালেও পার্ক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
ডিবিসি/আরএসএল