ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের বাসিন্দা এবং বিজিবি সদস্য মাজহারুল ইসলাম আকাশের বাবা। তবে হত্যাকাণ্ডের পর নিহতের মোবাইল ফোন থেকেই তার মেয়ে বৃষ্টিকে কল করে জানানো হয় 'তোর বাবাকে মেরে ফেলেছি'।
রবিবার (৫ জুলাই) রাতে উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে স্থানীয় বয়ড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন বারেক আকন্দ। পথে দুর্বারচর সড়কে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তার ডাকচিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন বিজিবি সদস্য মাজহারুল ইসলাম আকাশ। তিনি লিখেছেন, দেশের মানুষের নিরাপত্তায় সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করলেও তার নিজের পরিবারের নিরাপত্তা কে দেবে? তাদের কোনো শত্রু ছিল না জানিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন যে, কিশোর গ্যাং বা মাদকাসক্ত ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল