ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। পরবর্তীতে নিহতের পরিবারের লোকজনের পাল্টা হামলায় এক নারীর মৃত্যু হয়েছে।
গত রবিবার বিকেলে ও সন্ধ্যায় উপজেলার বিষকা ইউনিয়নের নগুয়া গ্রামে এই জোড়া খুনের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নগুয়া গ্রামের ওসমান গণির ছেলে আকরাম মিয়ার (আকরামুল) সঙ্গে তার আপন ভাতিজা আলামিনের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও বিরোধের কোনো সুরাহা হয়নি। এরই জেরে রবিবার বিকেলে ভাতিজা আলামিনের ছুরিকাঘাতে চাচা আকরামুল নিহত হন।
আকরামুলকে হত্যার পর সন্ধ্যায় তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আলামিনের বাড়িতে পাল্টা আক্রমণ চালায়। এ সময় নূরজাহান বেগম নামের এক নারী ও তার মেয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নূরজাহান বেগমের মৃত্যু হয়। জমিজমা নিয়ে সৃষ্ট এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাশিদ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক দুটি হত্যার ঘটনায় উভয় পক্ষের লোকজন থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডিবিসি/আরএসএল