জেলার সংবাদ

ময়মনসিংহে ট্রাভেল ব্যাগ ও বস্তায় মিলল নিখোঁজ কাস্টমস সিপাহীর খণ্ড-বিখণ্ড মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

‎ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের দশ দিন পর রাকিব রায়হান তালুকদারের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেল ৪ টার দিকে ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকায় নিহতের বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে একটি বস্তা ও তিনটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে তার খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ‎রাকিব ‎ওই গ্রামের মৃত ছিদ্দিক তালুকদারের ছেলে। তিনি রাজধানী ঢাকার কমলাপুরে কাস্টমসের নিরাপত্তা শাখায় সিপাহী হিসেবে কর্মরত ছিলেন ।

‎পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় , নিহত রাকিব তার রাজধানীর কর্মস্থল থেকে সপ্তাহের বৃহস্পতিবার বাড়িতে আসতেন এবং শনিবার আবার কর্মস্থলে চলে যেতেন। গত ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে তিনি গ্রামের নিজ ঘর থেকে নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 


নিখোঁজের পর আত্মীয়-স্বজন ও কর্মস্থলে যোগাযোগ করেও তার কোনো খোঁজ মেলেনি। নিখোঁজের তিন দিন পর ২৭ জুলাই তার বড় ভাই নুরুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

‎সূত্র জানায়, ঘটনার পর থেকে রাকিব রায়হানের বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা রহস্যজনকভাবে পলাতক রয়েছেন। এর মধ্যে উপজেলার অনন্তপুর বাজুয়া নদী এলাকা থেকে রায়হান তালুকদারের ব্যবহৃত মোটরসাইকেলের চাবির ছড়া উদ্ধার করে পুলিশ।

‎স্থানীয়দের দাবি, কেয়ারটেকার রাজু মির্জা টাঙ্গাইলের এক দালালের মাধ্যমে দেশ থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছেন। পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, তার পাসপোর্ট যেন দ্রুত জব্দ করা হয়।

‎সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শুভ্র সাহা বলেন, ঘটনার পর থেকে রাকিব রায়হানের বাড়ির কেয়ারটেকার পলাতক রয়েছেন। তার সঙ্গে অজ্ঞাত আরও ৩/৪ জন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে জেলার বাইরে অভিযান চালাচ্ছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা ।

‎ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, মরদেহ টুকরো টুকরো করে তার ব্যবহৃত তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়। রোববার দুপুরের দিকে স্থানীয়রা পুকুরে বস্তা দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টুকরো টুকরো মরদেহ উদ্ধার করে।

‎উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কেন এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা ।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন