ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলাতলী এলাকায় মাদক বিক্রিতে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী চিহ্নিত মাদক কারবারি পারভেজের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
স্থানীয়দের দাবি, পারভেজ ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আজ (১৭ জুলাই) সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী একত্রিত হয়ে তার বাড়িতে যায়। এ সময় পারভেজ ও তার মা পারভীনকে আটক করে মাদকসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, এর আগে সেনাবাহিনীর বিশেষ অভিযানে পারভেজ ও মামুন নামে দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, পরে তারা আবারও মাদক ব্যবসা শুরু করে।
ডিবিসি/ এসভিএন