ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এই রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) হালুয়াঘাট উপজেলার উত্তর বাজার, মধ্য বাজার এবং পূর্ব গোবরাকুড়া এলাকায় পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আনিসুর রহমান, আরিফুল ইসলাম আকাশ ও নবী হোসেনকে আটক করা হয়। পরে তাদের ডোপ টেস্ট করানো হলে মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যায়।
পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত তাদের দণ্ড প্রদান করেন। রায়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া এই ঘটনায় অপর দুই আসামি আরিফুল ইসলাম আকাশ ও নবী হোসেনের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ডিবিসি/আরএসএল