খেলাধুলা, ফুটবল

মরক্কোর হতাশা ভুলে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২০শে জুন ২০২৬ ০৮:৪৪:২৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা ভুলে বিশ্বকাপে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র ও মাতেউস কুনহার দারুণ নৈপুণ্যে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।

শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের দাপুটে ফুটবলই সেলেসাওদের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে দেয়।


ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণভাগকে চেপে ধরে ব্রাজিল। ম্যাচের ১২ মিনিটেই রাফিনিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এর ১০ মিনিট পর বার্সেলোনার এই ফরোয়ার্ড আরও একটি সহজ সুযোগ হাতছাড়া করেন। তবে ব্রাজিলকে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি।


২৩ মিনিটে ভিনিসিয়ুসের জোরালো শট হাইতি গোলরক্ষক জনি প্লাসিড ঠেকিয়ে দিলেও ফিরতি বলে নিখুঁত লক্ষ্যভেদে ব্রাজিলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন মাতেউস কুনহা। ৩৬ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ভিনির ডিফেন্সচেরা থ্রু পাস থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন কুনহা।


দ্বিতীয় গোলের চার মিনিট পরই বড় ধাক্কা খায় ব্রাজিল। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন রাফিনিয়া। তার পরিবর্তে মাঠে নামেন ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ান। তবে ধাক্কা সামলে প্রথমার্ধের যোগ করা সময়ের ৩ মিনিটে (৪৫+৩ মি.) ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়ুস জুনিয়র। হাইতি গোলরক্ষকের দুই পায়ের মাঝখান দিয়ে বল গলিয়ে অসাধারণ এক ফিনিশিংয়ে উল্লাসে মাতেন এই রিয়াল মাদ্রিদ তারকা।


দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণের ধার বজায় রাখে ব্রাজিল। ম্যাচের ৬৪ মিনিটে জোড়া গোল করা কুনহা এবং লুকাস পাকেতাকে তুলে নিয়ে আক্রমণভাগে এনদ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে মাঠে নামান কোচ আনচেলত্তি।


৭৮ মিনিটে বদলি হিসেবে নামা এনদ্রিক বল জালে জড়ালেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচের শেষ দিকে আর কোনো গোল না হলেও পুরো ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করে এক হালি গোলের সুযোগ তৈরি ও ৩-০ ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।


মরক্কোর বিপক্ষে ড্রয়ের ধাক্কা সামলে এই ম্যাচে চিরচেনা আক্রমণাত্মক ফুটবলে ফিরেছে সেলেসাওরা, যা বিশ্বকাপের পরবর্তী ধাপের লড়াইয়ে দলটিকে বড় আত্মবিশ্বাস জোগাবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন