আন্তর্জাতিক, আমেরিকা

মরক্কোয় নিখোঁজ মার্কিন সেনার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর উপকূলে প্রশিক্ষণ মহড়া চলাকালীন নিখোঁজ হওয়া দুই মার্কিন সেনার একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, উদ্ধারকৃত সেনার নাম ফার্স্ট লেফটেন্যান্ট কেনড্রিক ল্যামন্ট কি জুনিয়র (২৭)। তিনি ভার্জিনিয়ার রিচমন্ডের বাসিন্দা এবং মার্কিন সেনাবাহিনীর ১০ম আর্মি এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডের একজন প্লাটুন লিডার ছিলেন।

গত ২ মে মরক্কোর একটি উপকূলীয় পাহাড়ি এলাকায় সূর্যাস্ত দেখার জন্য একদল মার্কিন সেনা হাইকিংয়ে গিয়েছিলেন। সিবিএস নিউজের তথ্যমতে, হাইকিংয়ের সময় একজন সেনা সদস্য হঠাৎ সমুদ্রের নিচে পড়ে যান। তাকে বাঁচাতে অন্য সেনারা তাৎক্ষণিকভাবে নিজেদের পরনের বেল্ট দিয়ে একটি মানবশৃঙ্খল তৈরি করে উদ্ধারের চেষ্টা চালান।


সেই প্রচেষ্টা ব্যর্থ হলে অন্য একজন সেনা সদস্য তাকে বাঁচাতে সরাসরি সমুদ্রে ঝাঁপ দেন। দুর্ভাগ্যবশত, একটি বড় ঢেউয়ের আঘাতে তিনিও তলিয়ে যান। এরপর তৃতীয় আরেকজন সেনা তাদের উদ্ধারে নামলেও তিনি ব্যর্থ হয়ে কোনোমতে তীরে ফিরে আসতে সক্ষম হন। কেনড্রিক কি জুনিয়র প্রথম পড়ে যাওয়া ব্যক্তি ছিলেন নাকি উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন, তা এখনো স্পষ্ট করা হয়নি।


মরক্কোর একটি সামরিক অনুসন্ধানকারী দল নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক মাইল দূরে উপকূলীয় পানি থেকে কি-র মরদেহটি উদ্ধার করে। নিখোঁজ অন্য সেনার সন্ধানে মার্কিন ও মরক্কোর সামরিক বাহিনী বর্তমানে আকাশপথ, সমুদ্রপথ এবং স্থলপথে যৌথ তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।


১০ম আর্মি এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কার্টিস কিং এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, আমরা ফার্স্ট লেফটেন্যান্ট কি-র মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমাদের প্রার্থনা তার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের সাথে রয়েছে। আমরা তার জীবন ও দেশের প্রতি সেবাকে সম্মান জানাতে তার পরিবারের পাশে থাকব।


নিখোঁজ হওয়া এই সেনারা 'আফ্রিকান লায়ন ২০২৬' নামক একটি বৃহত্তর যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে মরক্কোয় অবস্থান করছিলেন। এটি আফ্রিকা মহাদেশের বৃহত্তম বার্ষিক সামরিক মহড়া, যেখানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মিত্র দেশগুলোর সাথে আফ্রিকার বিভিন্ন দেশের সামরিক শক্তি ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হয়। এ বছর মরক্কো ছাড়াও ঘানা, সেনেগাল এবং তিউনিসিয়ায় এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে।


সেনাবাহিনী জানিয়েছে, ফার্স্ট লেফটেন্যান্ট কি-র মরদেহ বর্তমানে স্থানীয় একটি মর্গে রাখা হয়েছে এবং দ্রুতই তা পূর্ণ সামরিক মর্যাদায় যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হবে।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন