আন্তর্জাতিক, ইউরোপ

মস্কোয় নিজ বাসভবনের সামনে রুশ জেনারেল গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার রাজধানী মস্কোয় নিজ বাসভবনের সামনে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সামরিক বাহিনীর অন্যতম শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে শহরের উত্তর-পশ্চিম প্রান্তের একটি আবাসিক ভবনে তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আলেক্সেয়েভ রাশিয়ার সামরিক বাহিনীর জেনারেল স্টাফের প্রধান গোয়েন্দা শাখা ‘জিআরইউ’-এর (GRU) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

 

হামলার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার শারীরিক অবস্থার বিস্তারিত বিবরণ এখনও জানা যায়নি। রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেনকো জানিয়েছেন, ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

 

লেফটেন্যান্ট জেনারেল আলেক্সেয়েভ রুশ সামরিক কাঠামোতে বেশ প্রভাবশালী। ২০১৮ সালে যুক্তরাজ্যের স্যালিসবারিতে স্নায়ু গ্যাস হামলার ঘটনায় জিআরইউ-এর সম্পৃক্ততার অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় পড়েন তিনি। এছাড়া ইউক্রেন যুদ্ধেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

 

২০২২ সালে মারিউপোল অবরোধের সময় কিয়েভের সঙ্গে আলোচনায় তিনি সরাসরি অংশ নেন। পরবর্তীতে ২০২৩ সালের জুনে ভাড়াটে সেনাদল ‘ওয়াগনার গ্রুপ’-এর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিদ্রোহ দমনেও তিনি মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করেছিলেন।

 

মস্কোর কঠোর নিরাপত্তার মধ্যে সেনা কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে আরেক শীর্ষ রুশ জেনারেল ইগর কিরিলভ নিজ বাসভবনের বাইরে এক বিস্ফোরণে নিহত হন। পারমাণবিক, জৈব ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা কিরিলভ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ।

 

তথ্যসূত্র: বিবিসি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন