পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী জানান, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করেই কেবল একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। মানবজাতির হেদায়াত ও কল্যাণের জন্য প্রেরিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মহামানবের শিক্ষা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক দায়িত্ববোধের বন্ধন সুদৃঢ় করে।
বর্তমান বিশ্বের বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় মহানবীর (সা.) ক্ষমা, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক উল্লেখ করে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও উগ্রতা থেকে দূরে রেখে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে তাঁর জীবন ও আদর্শ এক অনন্য প্রেরণার উৎস হতে পারে।
পরিশেষে প্রধানমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান এবং বাংলাদেশসহ বিশ্বে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ডিবিসি/এসভিএন