বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ উত্তম কুমারের জন্মদিন আজ। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বাংলা সিনেমার এই কালজয়ী নায়ক। সেই হিসেবে আজ তাঁর ১০০তম জন্মবার্ষিকী। জন্মশতবর্ষে দুই বাংলার অগণিত ভক্ত, চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন তাঁকে।
উত্তম কুমারের আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। দীর্ঘ অভিনয়জীবনে তিনি বাংলা চলচ্চিত্রকে দিয়েছেন অসংখ্য স্মরণীয় সিনেমা ও চরিত্র। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব, সংলাপ বলার ধরন এবং পর্দায় অনন্য উপস্থিতি তাঁকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে নিয়ে যায়।
সুচিত্রা সেনের সঙ্গে তাঁর জুটি বাংলা সিনেমায় আজও কিংবদন্তি। ‘সপ্তপদী’, ‘হারানো সুর’, ‘সাগরিকা’, ‘সবার উপরে’, ‘চাওয়া পাওয়া’সহ বহু চলচ্চিত্রে উত্তম-সুচিত্রা জুটি দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। শুধু রোমান্টিক নায়ক হিসেবেই নয়, ‘নায়ক’, ‘চিড়িয়াখানা’, ‘ঝিন্দের বন্দী’সহ নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের বহুমাত্রিক প্রতিভার পরিচয় দিয়েছেন উত্তম কুমার।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনা ও সংগীতের ক্ষেত্রেও তাঁর পদচারণা ছিল। সত্যজিৎ রায় পরিচালিত ‘নায়ক’ চলচ্চিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয় এবং ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় অভিনয় হিসেবে বিবেচিত হয়।
১৯৮০ সালের ২৪ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে উত্তম কুমার মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর চার দশকেরও বেশি সময় পরেও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। প্রজন্মের পর প্রজন্মের দর্শকের কাছে তিনি আজও বাংলা সিনেমার রোমান্টিকতার প্রতীক এবং ‘মহানায়ক’ হিসেবেই অমর।
আজ তাঁর জন্মশতবর্ষে বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে চলচ্চিত্রজগৎ ও তাঁর অগণিত অনুরাগী।
ডিবিসি/এমএনকে