আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৫ মার্চ বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমীর ও বর্তমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভায় দলের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগরী নেতারাও বক্তব্য রাখবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরদিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। পাশাপাশি ওইদিন সংগঠনের সর্ব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া, স্বাধীনতা দিবসের সকালে রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সেখানে তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।
ডিবিসি/পিআরএএন