বাংলাদেশ, জাতীয়

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম ‘নারী ও শিশু বিষয়ক’ মন্ত্রণালয় রাখার সুপারিশ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

সোমবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৪ ০৩:০৫:০৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দ্বাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণায়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাখার জন্য কমিটি সুপারিশ করেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নেয়া প্রকল্পগুলো সততা ও জবাবদিহিতার সাথে মিলে মিশে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয় বৈঠকে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এসব সুপারিশ করা হয়। এ সময় কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি), মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, খাদিজাতুল আনোয়ার, মোসা. তাহমিনা বেগম এবং মোহাম্মদ জিল্লুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।

 

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পগুলো উপস্থাপন করা হয়। কমিটি মহিলাদের জন্য মাতৃত্বকালীন ভাতা আরও বাড়ানো, পথশিশুদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধিসহ কর্মের ব্যবস্থা করা এবং গ্রাম পর্যায়ের সুবিধা বঞ্চিত সকল শিশুদের সেবার আওতায় আনার জন্য সুপারিশ করেছে। বৈঠকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে মহিলা ও শিশুদের যেভাবে সাহায্য সহযোগিতা করা হয় সেভাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে সাহায্য সহযোগিতার ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।


বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, জাতীর চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন