কুমিল্লার ঘটনা

মহিলা ডাক্তারকে স্যার-ম্যাডাম না ডাকলেই পড়তে হয় ভোগান্তিতে!

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের স্যার বা ম্যাডাম সম্বোধন না করলে রোগীদের ভোগান্তির শিকার হতে হয় এমন অভিযোগ উঠেছে। এ নিয়ে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের সামনের দরজায় টাঙানো একটি লিখিত নির্দেশনা ঘিরে এ অভিযোগ আরও জোরালো হয়েছে। নির্দেশনায় লেখা রয়েছে, ‘কোনো মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না।’

 

চিকিৎসা নিতে আসা জুলেখা বেগম বলেন, ‘আমরা গ্রামের মানুষ। নারীদের আপা এবং পুরুষদের ভাই বলে ডেকেই অভ্যস্ত। এখানে চিকিৎসকদের ভাই বা আপা বললে তাঁরা রেগে যান। এতে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়।’

 

স্থানীয় কয়েকজন রোগী ও তাঁদের স্বজন জানান, আঞ্চলিক ভাষা ও প্রচলিত সামাজিক রীতি অনুযায়ী তাঁরা চিকিৎসকদের ভাই বা আপা বলে সম্বোধন করেন। এর মাধ্যমে চিকিৎসকদের অসম্মান করার কোনো উদ্দেশ্য তাঁদের নেই।

 

তাঁদের মতে, নির্দিষ্ট সম্বোধন চাপিয়ে দেওয়ার পরিবর্তে হাসপাতালে পারস্পরিক সম্মান ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।

 

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী বলেন, ‘আমি একবার একজন নারী চিকিৎসককে আপা বলে সম্বোধন করেছিলাম। এতে তিনি রেগে গিয়ে পরবর্তী সময়ে তাঁকে ‘ম্যাডাম’ বলে ডাকতে বলেন।’

 

এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘রোগীদের চিকিৎসকদের স্যার বা ম্যাডাম বলতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। জরুরি বিভাগের দরজায় টাঙানো নির্দেশনাটি আমার নজরে এসেছে। দ্রুত সেটি অপসারণ করা হবে।’

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন