জেলার সংবাদ

মহেশখালীর গহীন পাহাড়ে বিপুল অস্ত্রসহ মিন্টু বাহিনীর প্রধান আটক

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের মহেশখালীর গহীন পাহাড়ের আস্তানায় অভিযান চালিয়ে বেশকিছু আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ মিন্টু বাহিনীর প্রধানকে আটক করেছে কোস্ট গার্ড। তার বিরুদ্ধে ১৫টির বেশী মামলা রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

 

আটক ইমাম হোসেন মিন্টু (৩৮) মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বাসিন্দা।

 

লে. কমান্ডার আরাফাত হোসেন বলেন, সম্প্রতি মহেশখালীর হোয়ানকের কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ের আস্তানায় সংঘবদ্ধ একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র আগ্নেয়াস্ত্র তৈরী করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে বলে খবর পায় কোস্ট গার্ড। চক্রটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদুস্যতা, পর্যটকের উপর হামলা, ডাকাতি ও চাঁদাবাজীসহ নানা অপরাধ সংঘটন করে আসছিল।

 

এমন খবরে শুক্রবার সকালে কোস্ট গার্ডের একটি সমন্বিত দল সেখানে অভিযান চালায়। এতে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন সন্দেহজনক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ১ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

 

তিনি জানান, ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ১৪টি দেশে তৈরি বন্দুক, ৩২টি গুলি, ১টি বিদেশি পিস্তলের ম্যাগজিন, ৪টি গুলির খালি খোসা, ১টি কিরিচ দা, ৩ লিটার দেশিয় মদ ও কিছু অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

 

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, আটক ইমাম হোসেন মিন্টু একজন চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকায় নিজের নামে বাহিনী গড়ে তোলে অস্ত্র বেচা-কেনা, সাগরে জলদুস্যতা, জবরদখল, ডাকাতি, চাঁদাবাজী ও অপহরণসহ নানা অপরাধ সংঘটিত করে আসছিল। এসব অভিযোগে তার বিরুদ্ধে ১৫টির বেশী মামলা রয়েছে।

 

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান লে. কমান্ডার আরাফাত হোসেন।

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন