কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন তিনি।
মহেশখালী সফরে প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর তিনি হেলিকপ্টারে করে বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে নতুন ঘর হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এরপর তিনি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।
পরবর্তীতে বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন প্রধানমন্ত্রী। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দিনের সব কর্মসূচি শেষে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
ডিবিসি/পিআরএএন