মাগুরার মোহাম্মদপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ই নভেম্বর) ভোরে সদরের আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত ব্যাংকটির শাখায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এটিকে দুর্বৃত্তদের কাজ বলে ব্যাখ্যা করেছে।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান, ভোর সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় । আগুনে ব্যাংকের একটি কক্ষের কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, ব্যাংকে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশের উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ব্যাংকের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ডিবিসি/এমএআর