মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে ইসলামী ছাত্রশিবিরের সিরাত প্রতিযোগিতার প্রচারণামূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিবিরের নেতা-কর্মীরা ধাওয়া খেয়ে নিরাপত্তার জন্য থানায় আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন শিবিরের স্থানীয় নেতারা। তবে পুলিশ বলছে, কেউ থানার ভেতরে আশ্রয় নেননি।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে শ্রীপুর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতা-কর্মী সিরাত প্রতিযোগিতার প্রচারণার জন্য কলেজের সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় কলেজ শাখা ছাত্রদলের কয়েকজন তাদের কলেজের দেয়ালে পোস্টার না লাগিয়ে বাইরে অন্য কোথাও লাগানোর অনুরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
ওসি বলেন, পরে শিবিরের নেতা-কর্মীরা তার সঙ্গে যোগাযোগ করলে তারা থানার সামনে আসেন। থানার বাইরে দুই পক্ষের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়ে যায়। তবে থানার ভেতরে কেউ আশ্রয় নেননি বলে দাবি করেন তিনি।
তবে শিবিরের শ্রীপুর উপজেলা সভাপতি রিফাত দাবি করেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ধাওয়া ও হামলা করেন। এ সময় আত্মরক্ষার জন্য তারা শ্রীপুর থানায় গিয়ে আশ্রয় নেন।
অন্যদিকে স্থানীয় ছাত্রদল নেতা মেহেদী হাসান অন্তর বলেন, সকালে তিনি কলেজে গিয়ে দেখতে পান, শিবিরের কয়েকজন নেতা-কর্মী কলেজের প্রধান ফটকে পোস্টার লাগাচ্ছেন। তিনি তাদের প্রধান ফটকে পোস্টার না লাগিয়ে অন্য জায়গায় লাগানোর অনুরোধ করেন। তার দাবি, তিনি কাউকে গালাগাল করেননি এবং কোনো পোস্টারও ছেঁড়েননি। পরে ধাওয়ার যে ঘটনা ঘটেছে, তাতেও তিনি ছিলেন না।
বিকেলে শ্রীপুর থানার ওসি ওলি মিয়া বলেন, এ ঘটনায় দুই পক্ষই থানার সামনে এসেছিল। তবে থানার ভেতরে কেউ আশ্রয় নেননি। পরে দুই পক্ষ নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করে চলে যায়।
ডিবিসি/এসডব্লিউএন