জেলার সংবাদ

ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাগুরার মহম্মদপুরে সেচপাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কানাবিল মাঠে স্থাপিত একটি সেচপাম্পের ট্রান্সফরমার চুরি করতে রাতের কোনো এক সময় ওই ব্যক্তি সেখানে যান। ট্রান্সফরমারটি খোলার উদ্দেশ্যে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন তিনি। একপর্যায়ে ট্রান্সফরমারটি খুঁটি থেকে বিচ্ছিন্ন করার সময় বিদ্যুতায়িত হয়ে নিচে ধানখেতে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

 

এদিন সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে মহম্মদপুর থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

ডিবিসি/এমএনকে
 

আরও পড়ুন