জেলার সংবাদ

মাগুরায় বিদ্যালয়ের কক্ষে নারী নিয়ে নাইটগার্ডের মাদক সেবনের অভিযোগ, সাময়িক বরখাস্ত

মাগুরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের পাটোখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাইটগার্ড মাসুম বিল্লাহর বিরুদ্ধে বিদ্যালয়ের কক্ষে নারী নিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত বুধবার (২ সেপ্টেম্বর) বিদ্যালয়ের একটি কক্ষে মাসুম বিল্লাহকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন তাকে আটক করেন বলে দাবি তাদের। এ সময় সেখানে মাদক সেবন করা হচ্ছিল বলেও অভিযোগ করেন স্থানীয় কয়েকজন।


ঘটনার পর একটি মোবাইল ফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি রাতে ধারণ করা হয়েছে বলে স্পষ্টতা কম। এতে লুঙ্গি পরা এবং খালি গায়ে থাকা এক ব্যক্তিকে দেখা যায়। ভিডিও ধারণকারী ব্যক্তিকে ওই ব্যক্তির নাম ধরে ‘মাসুম ভাই’ বলে ডাকতে শোনা যায়।


ভিডিওটির পরের অংশে একটি বদ্ধ কক্ষের ভেতর একজন তরুণীকে ওই ব্যক্তির পাশে বসে থাকতে দেখা যায়। তরুণীর মুখ ঢাকা ছিল। ভিডিও ধারণকারী ব্যক্তিকে বিদ্যালয়ের নাইটগার্ড হিসেবে ‘মাসুম’ নামটি উচ্চারণ করতেও শোনা যায়। ভিডিওতে বিদ্যালয়টির নাম পাটোখালী মাধ্যমিক বিদ্যালয় হিসেবে উল্লেখ করা হয়।


স্থানীয়দের আরও অভিযোগ, মাসুম বিল্লাহ মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রির সঙ্গেও জড়িত। এ ছাড়া অতীতে এলাকায় কয়েকটি চুরির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে তারা দাবি করেন। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু নাসের মজনু বলেন, ‘নাইটগার্ড মাসুমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইতিমধ্যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।’


অভিযোগের বিষয়ে জানতে মাসুম বিল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


তবে মাগুরার জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সহীলুদ্দীন মুঠোফোনে বৃহস্পতিবার বলেন, ‘বিষয়টি আমি জানি না। আমাকে লিখিতভাবে জানানো হয়নি। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটলে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া যায়। বিষয়টি সম্পর্কে খোঁজ নেব। কী ঘটেছে, তা জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন