মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুতায়িত স্ত্রী ও দেড় বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত অপূর্ব বিশ্বাস ওই গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর আনুমানিক পাঁচটার দিকে অপূর্বর স্ত্রী দীপা বিশ্বাস তার দেড় বছরের শিশুসন্তানকে কোলে নিয়ে বাড়ির আঙিনায় টাঙানো একটি জিআই তারে কাপড় শুকাতে যান। কিন্তু তারটি আগে থেকেই বিদ্যুতায়িত থাকায় শিশুসহ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন।
স্ত্রীর আর্তচিৎকার শুনে ঘুম থেকে উঠে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান অপূর্ব। স্ত্রী ও সন্তানকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই ওই বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আটকে যান এবং গুরুতর আহত হন। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় তার স্ত্রী ও সন্তান প্রাণে বেঁচে গেছেন।
স্থানীয়রা জানান, অপূর্ব বিশ্বাসই ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো পরিবার এবং এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। এরপরও পুলিশ পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ডিবিসি/পিআরএএন