বাংলাদেশ, জেলার সংবাদ

মাগুরায় মোটরসাইকেলে ধাক্কায় স্কুলছাত্র নিহত

মাগুরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ৯ই মে ২০২৬ ১১:৪০:৩০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সাদিকুর রহমান সাদিক (১৩) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার বদনপুর ইটভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিকুর লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৮ মে) সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বদনপুর এলাকায় বাইসাইকেল চালাচ্ছিল সাদিক। এ সময় লাঙ্গলবাঁধ বাজারগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

 

এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা রাশেদুল ইসলাম। বিলাপ করতে করতে তিনি বলেন, "পাঁচতলা বাড়ির ফাউন্ডেশন দিয়েছি, কিন্তু বাড়িটা দেখে যেতে পারল না আমার একমাত্র ছেলে। আমার নাড়ি ছেঁড়া বাঁধন, আমার আদরের সাদিক এভাবে দুর্ঘটনায় মারা যাবে আমি ভাবতেও পারিনি।

 

পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের সহপাঠীরা জানায়, সাদিক অত্যন্ত নম্র স্বভাবের ছিল। দ্রুতগতির মোটরসাইকেলের বেপরোয়া চলাচলের কারণেই এই অকাল মৃত্যু হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছে তারা।

 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলী মিয়া আজ শনিবার বেলা ১১ টায় বলেন, সড়ক দুর্ঘটনায় সাদিক নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে শুক্রবার সন্ধ্যায়। তার মরদেহ মাগুরা সদর হাসপাতালে ছিল রাতে। এরপর এই ঘটনায় তার পরিবারের কোন অভিযোগ নেই বলে পুলিশ কে জানায়।তাই তারা  মরদেহ নিয়ে গেছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন