জেলার সংবাদ

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের ফাঁসির রায় বহাল চান আছিয়ার মা

মাগুরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) এ মামলার রায় ঘোষণা করবেন হাইকোর্ট। এই রায়কে ঘিরে নিহত আছিয়ার মা মোছা. আয়েশা খাতুন প্রত্যাশা ব্যক্ত করে জানিয়েছেন, তিনি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল চান।

 

জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়। তবে আইনি প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত কিছু জানেন না আছিয়ার মা আয়েশা খাতুন। মুঠোফোনে তিনি জানান, হাইকোর্টে কী হচ্ছে সে বিষয়ে তাকে কেউ কিছু জানায় না। দেড় বছর পার হলেও হিটু শেখ বেঁচে আছে উল্লেখ করে তিনি বলেন, এই রায়ে যদি হিটু শেখের ফাঁসির আদেশ বহাল থাকে, তবেই তারা মেয়ে হত্যার কাঙ্ক্ষিত বিচার পাবেন।

 

মামলার নথি থেকে জানা যায়, ২০২৫ সালের ১৩ এপ্রিল এই চাঞ্চল্যকর ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয় এবং ২৭ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ৭ মে শেষ হয়। রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষ্য প্রদান করেন। মাত্র ১৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ১৩ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরবর্তীতে ওই বছরের ১৭ মে ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলার রায় ঘোষণা করেন।

 

ওই রায়ে শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি হিটু শেখকে (৪৭) মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামি সজীব শেখ (১৯), তার ছোট ভাই (১৭) এবং তাদের মা জাহেদা বেগমকে (৪০) বেকসুর খালাস দেন বিচারিক আদালত। বর্তমানে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হওয়ায় মঙ্গলবার চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে আছিয়ার পরিবার।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন