মাগুরা পৌর এলাকার আবালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ১ নারী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- মাগুরা শহরের পশ্চিম রামনগর এলাকার শরিফুল ইসলামের ছেলে রিপন (৪৫) এবং সদর উপজেলার বেঙ্গবেরইল এলাকার গোলাম রব্বানীর ছেলে নাইম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২টি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসছিল। একটি মাগুরার দিকে এবং অপরটি ঝিনাইদহের দিকে যাচ্ছিল। আবালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল ২টির মুখোমুখি সংঘর্ষ হয়। একটি মোটরসাইকেলে চালকসহ দুজন এবং অপরটিতে একজন ছিলেন।
দুর্ঘটনায় রিপন, নাইম ও বৃষ্টি আক্তার (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রিপন ও নাইমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বৃষ্টি আক্তারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রুহুল আমীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে তাদের পৌঁছানোর আগেই হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছিল। ঘটনাস্থলে দুটি মোটরসাইকেল পাওয়া যায়।
মাগুরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত দুজনের মরদেহ অস্থায়ী মর্গে রাখা হয়েছে।
ডিবিসি/ এসভিএন