বাংলাদেশ, জেলার সংবাদ

মাগুরা কারাগারে স্ত্রীকে দেখতে এসে গাঁজাসহ স্বামী আটক, ৪ মাসের কারাদণ্ড

মাগুরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদক মামলায় কারাবন্দি স্ত্রীকে দেখতে এসে উল্টো নিজেই গাঁজাসহ আটক হয়েছেন মো. দবির মোল্লা নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (১১ জুন) সকালে মাগুরা জেলা কারাগারের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

কারাগার কর্তৃপক্ষ জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে কারারক্ষী মো. রফিকুল ইসলাম দর্শনার্থী দবির মোল্লার দেহ তল্লাশি করেন। এ সময় তার পরিহিত জিন্স প্যান্টের বাঁ পকেট থেকে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় আনুমানিক ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


কারাগারে গাঁজা উদ্ধারের বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হলে তার নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) প্রতিনিধি দল কারাফটকে উপস্থিত হন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ স্বীকার ও দোষী সাব্যস্ত করে মো. দবির মোল্লাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


খোঁজ নিয়ে জানা যায়, দবির মোল্লার স্ত্রী চলতি মাসেই একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে মাগুরা জেলা কারাগারে সাজা ভোগ করছেন। তার সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছিলেন দবির।


মাগুরা জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে যেকোনো ধরনের মাদক ও অবৈধ বস্তুর প্রবেশ ঠেকাতে দর্শনার্থীদের তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন