আন্তর্জাতিক

মাছ ধরার নৌকায় করে কুয়েতে ঢুকে পড়ে আইআরজিসির ৪ সদস্য!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সমুদ্রপথে অবৈধভাবে কুয়েতে অনুপ্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তারকৃত চারজনকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য বলে দাবি করেছে কুয়েত। দেশটির কর্তৃপক্ষের দাবি, তারা কুয়েতে ‘বিশেষ অভিযান’ পরিচালনার উদ্দেশ্যে এসেছিল। মঙ্গলবার (১২ মে) কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১ মে একটি বিশেষভাবে ভাড়া করা মাছ ধরার নৌকায় করে ওই ব্যক্তিরা বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশ করে। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আইআরজিসির সদস্য বলে স্বীকার করেছে এবং কুয়েতে বিশেষ অভিযান চালানোর দায়িত্ব পাওয়ার কথাও জানিয়েছে।

 

অনুপ্রবেশের পর বুবিয়ান দ্বীপে অবস্থানরত কুয়েতি সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে সংঘর্ষে জড়িয়ে দায়িত্ব পালনরত অবস্থায় কুয়েতি বাহিনীর এক সদস্য আহত হন। গোলাগুলির এক পর্যায়ে নৌবাহিনীর ক্যাপ্টেন মনসুর কাম্বারি এবং জাহাজ কমান্ডার আব্দুলআলি কাজেম সিয়ামরি নামে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি চারজনকে আটক করে কর্তৃপক্ষ।

 

গ্রেপ্তারকৃত চারজন হলেন, নৌবাহিনীর কর্নেল আমির হোসেন আব্দুলমোহাম্মদ যারাই, কর্নেল আব্দুলসামাদ ইয়েদালেহ ঘানাভাতি, ক্যাপ্টেন আহমদ জামশিদ গোলামরেজা যুলফাগারি এবং ফার্স্ট লেফটেন্যান্ট মোহাম্মদ হোসেন সোহরাব ফরৌঘি রাদ।

 

আটককৃতদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় নিরাপত্তা সংস্থা ও সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে বিবৃতিতে জোর দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ৩ মে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের আঞ্চলিক জলসীমা দিয়ে অনুপ্রবেশের একটি চেষ্টা নস্যাৎ এবং চারজনকে আটকের প্রাথমিক ঘোষণা দিয়েছিল।

 

সূত্র: গালফ নিউজ

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন