আন্তর্জাতিক, অন্যান্য

মাঝ আকাশে খুলে গেল প্লেনের দরজা! তারপর?

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৭ই জুন ২০২৩ ১১:২৪:০৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্লেন যখন অন্তত হাজার ফুট উপরে, তখন দেখা যাচ্ছে খোলা দরজার অংশ দিয়ে ভেসে যাচ্ছে মেঘ! গায়ে কাঁটা ধরানো এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যে দৃশ্যের ভিডিও ইন্টারনেট জুড়ে ঘুরপাক খাচ্ছে, তা রীতিমতো শিউরে উঠার মতো!

আর চার পাঁচটা প্লেনের মতো এই প্লেনটিও চলছিল নিজের ছন্দে। প্লেনে ভর্তি ছিল যাত্রী। আচমকা মাঝ আকাশে খুলে যায় প্লেনের আপৎকালীন দরজা। এরপরের ঘটনা ভয়ানক।

সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১২ জুন ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। সেখানকার এই ঘটনা রীতিমতো ভয় ধরিয়েছে প্লেনে সফর করা অনেকের মনে! যারা প্রায়শই প্লেনে সফর করে থাকেন, তাদের জন্য এই ভিডিও বেশ আতঙ্কের।

ভিডিওতে দেখা যাচ্ছে, যাত্রীবাহী প্লেনের ভেতর থেকে যাত্রীরা ধরে রেখেছেন আপৎকালীন দরজা। আর ততক্ষণে মাঝ আকাশে প্লেন! নিচে দেখা যাচ্ছে বাড়ি, নদী, সবুজে ঘেরা এলাকা। তার ওপর দিয়ে রয়েছে মেঘের আস্তরণ। এই পরিস্থিতিতে চলছে প্লেন।

ব্রাজিলের সাও লুইস সালভাদরে এই ঘটনাটি ঘটেছে। দক্ষিণ আমেরিকার জনপ্রিয় গায়ক টিয়েরি সেই প্লেনে ছিলেন বলে জানা যাচ্ছে। ব্রাজিলের সাও লুইসে ছিল তার কনসার্ট। সেখান থেকেই দ্য এমব্রায়ের-১১০ প্লেন উত্তরণ করেছিল। এমনই দাবি, ব্রাজিলের স্থানীয় মিডিয়ার।

এদিকে, যেখান থেকে দরজাটি খুলে গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে কালো প্লাস্টিকে মোড়া রয়েছে ব্যাগ পত্তর! মাঝ আকাশের প্রবল হাওয়ায় তা বেশ শব্দ সহকারে প্রভাবিত!

সেই প্লেন শেষমেশ নিরাপদে অবতরণ করেছে। ব্রাজিলের হুগা দা কুনহা মাচাদো এয়ারপোর্টে প্লেনেটি জরুরিকালীন অবতরণ করে। এই গোটা পরিস্থিতি যেভাবে পাইলট সামাল দিয়েছেন, তার প্রশংসা হচ্ছে সর্বত্র। তিনি নিরাপদেই প্লেনটি অবতরণ করান।

এই ঘটনার ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে ব্রাজিল প্রশাসন। এর পেছনে এয়ারপোর্ট কর্মীদের গাফিলতির অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে ঘটনায় যুক্তদের বিরুদ্ধে দেওয়া হয়েছে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি।

প্রসঙ্গত, গত মার্চ মাসে মাঝ আকাশে ব্রাজিলে একটি ব্যক্তিগত প্লেনে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটে। প্লেনটিতে এক শিশুসহ মোট ছয়জন যাত্রী ছিল। প্যারাসুটের মাধ্যমে যাত্রীরা অবতরণ করে প্রাণরক্ষা করেছিল।

সম্প্রতি মাঝ আকাশে প্লেনের উইন্ডস্ক্রিন ভেঙে পাখি ঢুকে পড়ার ঘটনাও প্রকাশ্যে এসেছে। প্লেনের ধাক্কায় মৃত পাখিটিকে প্লেনের মধ্যে ঝুলতে দেখা যায়। ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় যে মৃত পাখির শরীর থেকে রক্ত চুঁইয়ে চুঁইয়ে পড়ছে পাইলটের গায়ে। রক্তের ছিঁটা পড়েছে চালকের চোখে-মুখেও। তা সত্ত্বেও পাইলট প্লেন চালিয়ে নিয়ে যাচ্ছেন। পরে নির্বিঘ্নে অবতরণ করান প্লেনটিকে।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন