কাগজে-কলমে একটি রেস্তোরাঁয় এক বেলার খাবারের দামের চেয়েও কম মূল্যে বিক্রি হয়ে যাচ্ছে ভারতের পেশাদার ফুটবল ক্লাব জামশেদপুর এফসি। মাত্র ১০০ রুপির প্রতীকী মূল্যে ক্লাবটির শতভাগ শেয়ার গোয়াভিত্তিক চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাবের কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছে মালিক প্রতিষ্ঠান টাটা স্টিল। এর মধ্য দিয়ে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাবটির মালিকানা থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছে ভারতীয় শিল্পগোষ্ঠীটি।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর আগামী ৩১ আগস্টের মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার কথা। এই হস্তান্তরের আওতায় জামশেদপুর এফসির আইএসএল লাইসেন্সের পাশাপাশি ১২ খেলোয়াড় ও দুই কোচের চুক্তিও রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে এসব চুক্তির দায়িত্ব নেবে চার্চিল ব্রাদার্স।
আইএসএলের পরিচিত একটি ক্লাবের দাম মাত্র ১০০ রুপি নির্ধারণের কারণ খুঁজতে হলে তাকাতে হবে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার দিকে। ২০২৬ অর্থবছরে ক্লাবটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জেএফএসপিএলের টার্নওভার ছিল ৩২ কোটি ২৩ লাখ রুপি। তবে ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিট সম্পদের পরিমাণ ছিল ঋণাত্মক ৫ কোটি ৮০ লাখ রুপি।
এর সঙ্গে যোগ হয়েছে ভারতীয় ফুটবলের ক্রমবর্ধমান বাণিজ্যিক সংকট। এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রচার স্বত্বের জন্য জিওস্টার আগে বছরে ২৭৫ কোটি রুপি দিলেও ২০২৫–২৬ মৌসুমে ফ্যানকোডের কাছ থেকে মাত্র ৮ কোটি ৬০ লাখ রুপির প্রস্তাব পাওয়া গেছে। এই বড় ব্যবধান দেশটির শীর্ষ ফুটবল প্রতিযোগিতার আর্থিক অনিশ্চয়তাকেই সামনে এনেছে।
তবে আইএসএল ক্লাবের মালিকানা ছাড়লেও ফুটবল থেকে পুরোপুরি সরে যাচ্ছে না টাটা স্টিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্থানীয় ও আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে তৃণমূল ও যুব ফুটবলের উন্নয়নে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী টাটা ফুটবল অ্যাকাডেমিতে এখন পর্যন্ত ৩০০ জনের বেশি ক্যাডেট প্রশিক্ষণ নিয়েছেন। তাদের মধ্যে প্রায় ১৫০ জন বিভিন্ন পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। অন্যদিকে ২০১৭ সালে আইএসএলের ফ্র্যাঞ্চাইজি হিসেবে যাত্রা শুরু করা জামশেদপুর এফসি ‘দ্য ফার্নেস’ নামে পরিচিত জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সকে নিজেদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল।
চার্চিল ব্রাদার্সের জন্য এই চুক্তি ভারতের শীর্ষ পর্যায়ের ফুটবলে ফেরার নতুন সুযোগ তৈরি করেছে। প্রায় চার দশকের ইতিহাসসমৃদ্ধ ও দুবারের আই-লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি এখন জামশেদপুরের লিগে অংশগ্রহণের অধিকার, খেলোয়াড় এবং কোচিং স্টাফের দায়িত্ব নেবে।
ডিবিসি/ আরএফই