জেলার সংবাদ

মাদকসেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করায় মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ক্ষুব্ধ জনতা।

নিহত মো. ফারুক সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং স্থানীয় তেঁতুলতলা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। অন্যদিকে, আটককৃত দুই যুবক হলেন- একই গ্রামের মুন মুন্সিবাড়ির আল আমিনের ছেলে মো. আরশাদ ওরফে আকাশ (২৪) এবং আকবর পুত্রের বাড়ির দুলালের ছেলে মো. সাজ্জাদ হোসেন আকাশ (১৯)।

 

নিহতের বড় ছেলে মো. ইমরান হোসেনের দেওয়া তথ্যমতে, আটক আকাশ একজন চিহ্নিত মাদকসেবী এবং মাঝে মধ্যে অটোরিকশা চালাতেন। সম্প্রতি তার বেপরোয়া মাদকসেবনের প্রতিবাদ করেন উপজেলা ছাত্রদল নেতা জহির। গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে তেঁতুলতলা বাজারের একটি দোকানে বিষয়টি নিয়ে কথা উঠলে আকাশ ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করেন। এ সময় দোকানে উপস্থিত ফারুক তাকে শাসন করেন এবং একপর্যায়ে ঘাড় ধরে দোকান থেকে বের করে দেন। এর জেরে পরদিন বুধবার সকালে আকাশ বেশ কয়েকজনের সামনে ফারুককে হত্যার হুমকি দেন।

 

হুমকির ধারাবাহিকতায় বুধবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফারুকের ওপর হামলা হয়। তেঁতুলতলা বাজার সংলগ্ন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে তার মেরুদণ্ডে ছুরিকাঘাত করেন আকাশ। গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় অ্যাম্বুলেন্সেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকসেবনের প্রতিবাদ করার জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

ওসি আরও জানান, স্থানীয় জনতার পিটুনির শিকার আটক দুই যুবক বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কামুক্ত রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন