জেলার সংবাদ

মাদক ও জুয়াড়িদের পক্ষে লড়বেন না লালমনিরহাট জেলা আইনজীবীরা

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার হওয়া আসামিদের পক্ষে কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লালমনিরহাট আদালত চত্বরে সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কেএম হুমায়ুন রেজা স্বপন। তিনি জানান, সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে লালমনিরহাটে মাদকের ব্যাপক আগ্রাসন ও এর ফলে মারাত্মক সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে।

 

অ্যাডভোকেট স্বপন বলেন, সমাজ বিনির্মাণের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু 'আলোকিত লালমনিরহাট' নামে একটি সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন। ইতোমধ্যে মন্ত্রী নিজে এবং ওই কমিটির সদস্যরা বেশ কিছু মাদকসেবীকে আটক করে আইনের হাতে সোপর্দ করেছেন। সেই সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের ঐক্যমতের ভিত্তিতে আগামী এক মাসের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

আইনজীবী সমিতির এই ঘোষণা কোনো সদস্য অমান্য করলে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ওই আইনজীবীকেও 'মাদকসেবী' হিসেবে গণ্য করা হবে বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেওয়া হয়।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমিতির সভাপতি স্পষ্ট করে বলেন, ‘আইনজীবী সমিতিতে বিএনপি বা আওয়ামী লীগ পন্থী বলে আলাদা কোনো কথা নেই। সমিতির সকল সদস্য সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তারা এটি মেনে চলবেন। সুতরাং আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তারকৃতরা আইনজীবীদের মাধ্যমে কোনো আইনি সহায়তা পাবেন না।’ পরিস্থিতি বিবেচনায় এই সময়সীমা পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে বলেও তিনি জানান।

 

আরেক প্রশ্নের জবাবে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক বলেন, ‘আইনজীবীরা আইনি সহায়তা না করলে আসামিদের জামিন পাওয়ায় কিছুটা ভাটা পড়বে। কিছুদিন হাজতবাস করলে নিজেদের অপরাধবোধ থেকে তারা মাদককে 'না' বলতে শিখবে। সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

 

তবে তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিরা যদি চান, তবে কোনো আইনজীবী ছাড়াই আদালতে তারা নিজেরা নিজেদের পক্ষে আইনি লড়াই করতে পারবেন। সেক্ষেত্রে আইনজীবী সমিতি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

 

সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। সমাজের বৃহত্তর স্বার্থে আইনজীবীদের এমন যুগান্তকারী সিদ্ধান্ত আদালত অঙ্গনসহ স্থানীয় সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন