জেলার সংবাদ

মাদক বিক্রির অভিযোগে ২ যুবককে মারধর, ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জ সদর উপজেলায় মাদক বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নোয়াগাঁও গ্রামের শিমুল আহমেদ ও রাজনগর গ্রামের মারুফ আহমেদ আনোয়ারপুর এলাকায় গেলে মাদক বিক্রির অভিযোগে তাদের আটক করেন আনোয়ারপুর গ্রামের মজিবুর রহমান। এ সময় ওই দুই যুবককে মারধর করা হয়। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিমুল ও মারুফকে উদ্ধার করে।

 

এ ঘটনাকে কেন্দ্র করে আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে শনিবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

সংঘর্ষে আহতদের মধ্যে ফজল মিয়া (২৫), আলমগীর (৩৬), মো. সত্তর মিয়া (৬২), জয়নুদ্দিন (৩৮), জিকির মিয়া (৪১), মফিল মিয়া (৫০), সজল হক (৪৮), শিপন (১৯) ও সজল মিয়া (৩৫) রয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

 

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘দুই গ্রামবাসীর মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন