উত্তর আমেরিকা জুড়ে বিস্তৃত একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ভারতীয় নাগরিক অমৃতপাল সিংকে 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)।
সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, কানাডার ভ্যাঙ্কুভার-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধী চক্র 'রবীন্দ্র ধান্ডা' গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন অমৃতপাল। এই চক্রটি যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর বিভিন্ন মাদক পাচারকারী সংগঠনের জন্য বিপুল পরিমাণ কোকেন ও মেথঅ্যামফিটামিন পাচারের ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে।
'অপারেশন হার্ডবল' নামক একটি বিশেষ অভিযানের আওতায় এই অপরাধী নেটওয়ার্কটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী, যার অংশ হিসেবেই অমৃতপালের ওপর এই নজরদারি ও গ্রেপ্তারি উদ্যোগ। গত ২৩শে জুন লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনও তাঁর বর্তমান অবস্থানের খোঁজ পায়নি। ১৯৯৬ সালের ৭ই জানুয়ারি জন্ম নেওয়া এই ভারতীয় নাগরিককে চিহ্নিত করতে ২০২৪ সালের একটি ছবি প্রকাশ করেছে এফবিআই এবং তাঁর সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসে এফবিআই-এর ফিল্ড অফিস বর্তমানে এই তদন্ত পরিচালনা করছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/পিআরএএন