মাদারীপুরের শিবচরে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরীনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে শিবচর পৌর এলাকার চরশ্যামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিরীনা বেগম ওই এলাকার আলমগীর ঢালীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজেদের রান্নাঘরের পাশে থাকা পানির মোটর চালু করতে যান শিরীনা বেগম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিবিসি/আরএসএল