মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় প্রায় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ২০ থেকে ৩০টি বসতবাড়ি ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফাপুর এলাকার হাবিব হাওলাদার এবং সামচু সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণের শব্দে চারদিকে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়াসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
সংঘর্ষের খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত অন্তত ৬ জনের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/আরএসএল