জেলার সংবাদ

মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে হাতবোমা বিস্ফোরণ, আহত ২, আটক ১

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদারীপুর সদর উপজেলায় এক ইতালি প্রবাসীর ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। আটক সালাউদ্দিন গাজী (সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের মাফেজ গাজীর ছেলে) সম্পর্কে ওই প্রবাসীর খালাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে রাজ্জাক মোল্লার বাড়ির পেছনের একটি কক্ষে হঠাৎ বিকট শব্দে হাতবোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় টিনশেড ঘরটির বেড়া উড়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং রাজ্জাক মোল্লার খালাতো ভাই সালাউদ্দিন গাজীকে আটক করে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই ঘরে বসে হাতবোমা তৈরির সময় অসাবধানতাবশত এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক সালাউদ্দিন গাজীকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তবে গ্রেপ্তার এড়াতে আহতরা এখনো কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাননি বলে জানা গেছে।

আরও পড়ুন