মাদারীপুরে আমিরাবাদে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ মে) মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৩৮), তার স্ত্রী ইশা দাস (৩২) ও ৮ মাসের শিশু।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈ স্ত্রী মিষ্টি বাড়ৈ। রবিবার বিকেলে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য। মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, পাশের রুমে মিষ্টি বাড়ৈ একা ছিলেন। তার ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ডিবিসি/ এইচএপি