ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলায় চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরো বাসটি পুড়ে গেছে। এ সময় জ্বলন্ত বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে চাকার নিচে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস পাথুরিয়ারপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ এর ভেতরে আগুন ধরে যায়। এ সময় আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে বের হওয়ার চেষ্টা করেন। নামার সময় এক যাত্রী বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ এখনো নিহত ওই যাত্রীর পরিচয় শনাক্ত করতে পারেনি।
খবর পেয়ে কালকিনি ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাথমিক ধারণা, বাসের ভেতরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে বাসের জ্বালানি তেলের কারণে আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, এই দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলে মস্তফাপুর হাইওয়ে পুলিশ প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ডিবিসি/আরএসএল