যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার (৯ মে) বাদ আসর স্থানীয় স্কুলে জানাজা শেষে তার দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। নিহত বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বৃষ্টির মরদেহ এবং দুপুর দেড়টায় তা গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী ভিড় করেন।
মেয়ের মৃত্যুতে শোকাহত বাবা জহির উদ্দিন আকন বলেন, যেখানে আনন্দঘন পরিবেশে বৃষ্টির দেশে ফেরার কথা ছিল, সেখানে সে লাশ হয়ে ফিরল। এই শোক মেনে নেওয়া কঠিন জানিয়ে তিনি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। বৃষ্টির ফুফাতো বোন জাবিন মরিয়মও সুষ্ঠু বিচার দাবি করে বলেন, সারাক্ষণ হাসিখুশিতে থাকা একটি মেয়ের যুক্তরাষ্ট্রের মতো দেশে এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াদিয়া শাবাব জানান, বৃষ্টি অত্যন্ত মেধাবী ছিলেন এবং প্রশাসন শোকাহত পরিবারের পাশে রয়েছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল নাহিদা সুলতানা বৃষ্টি ও তার সহপাঠী জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। পরবর্তীতে ২৪ এপ্রিল হিলসবোর কাউন্টি শেরিফ অফিস জামিলের এবং ৩০ এপ্রিল বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
ডিবিসি/পিআরএএন