মাদারীপুরের শিবচরে কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে মজুত রাখা ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিনের জ্বালানি সংকটে থাকা কৃষকদের স্বস্তি ফিরিয়ে দিতে উদ্ধারকৃত এসব তেল সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে তাদের মাঝেই বিক্রি করে দেওয়া হয়। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত প্রায় ১৫ দিন ধরে স্থানীয় বাজারে কৃষকরা সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল পাচ্ছিলেন না বলে বিস্তর অভিযোগ উঠছিল। এমন পরিস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে মঙ্গলবার মাঠে নামে প্রশাসন।
অভিযানের সময় মেসার্স রোকন স্টোরের তালা ভেঙে এবং মালিক রোকনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৮ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। এছাড়া স্থানীয় তনাই মোল্লার দোকান থেকে উদ্ধার করা হয় আরও ১০ ব্যারেল ডিজেল। সব মিলিয়ে অসাধু ব্যবসায়ীদের আস্তানা থেকে মোট ২৮ ব্যারেল ডিজেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের বিষয়ে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, কৃষকদের জিম্মি করে একটি চক্র জ্বালানি তেলের এ মজুত গড়ে তুলেছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধারকৃত তেল তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে এবং বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা করা হবে। তবে অভিযানের বিষয়টি আগে থেকেই টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রশাসনের এ সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ডিবিসি/এএমটি