মাদারীপুর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ককটেল বিস্ফোরণ ও ১৫টি ঘরবাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। গত শনিবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিতণ্ডার জেরে এই সংঘাতের সূত্রপাত হয়। দীর্ঘ সময় ধরে চলা এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত (২৮ মার্চ) শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার এক ইতালি প্রবাসীর বিয়ের অনুষ্ঠানে থানতলী এলাকার আকিব খাঁ ও পাকদী এলাকার মঈন মুন্সির মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। উপস্থিত অতিথিরা সে সময় বিষয়টি মীমাংসা করে দিলেও এর জের ধরে রোববার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রোববার রাত ৯টার দিকে দ্বিতীয় দফায় এবং সোমবার ভোররাতে তৃতীয় দফায় এই সংঘর্ষ ও তণ্ডব চলে।
সংঘর্ষ চলাকালে পুরো এলাকা ককটেল বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। সোমবার ভোরে পাকদী এলাকার অন্তত ১৫টি বসতবাড়িতে ভাঙচুর চালায় দাঙ্গাবাজরা। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/টিবিএ