মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারের ছয়টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
এসময় ডাকাতদের হামলায় এক পাহারাদার গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকার পরিমাণ কয়েক কোটি টাকা।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। শনিবার ভোররাতে একদল মুখোশধারী ডাকাত বাজারে প্রবেশ করে পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে বেঁধে ফেলে। এরপর তারা একে একে নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্সসহ পাশের আরও পাঁচটি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
ডাকাত দল দোকানগুলো থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। এমনকি একটি দোকান থেকে ভারী সিন্দুকও নিয়ে গেছে তারা। খবর পেয়ে শনিবার সকালে মাদারীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, "স্বর্ণের দোকানে ডাকাতের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ডিবিসি/এসএফএল