করোনাভাইরাস

মাদারীপুরে ২২টি ইউনিয়ন ও ২১টি ওয়ার্ডে লকডাউন শুরু

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৮ই জুন ২০২০ ০৬:২৯:৪০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের প্রার্দুভাব বাড়তে থাকায় মাদারীপুর জেলার ২২টি ইউনিয়ন ও চার পৌরসভার ২১টি ওয়ার্ড রেডজানের আওতায় পড়েছে। আজ বৃহস্পতিবার (১৮ই জুন) সকাল ৬টা থেকে এসব এলাকায় লকডাউন শুরু হয়েছে।

এর আগে, এসব এলাকায় বিধি-নিষেধ আরোপ করে বুধবার (১৭ই জুন) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম একটি গণবিজ্ঞপ্তি জারি করেন। আগামী ৩০শে জুন পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে।

রেড জোনের মধ্যে মাদারীপুর পৌরসভার ১ থেকে ৭নং ওয়ার্ড পর্যন্ত ও সদর উপজেলার ছিলারচর, ঝাউদি, খোয়াজপুর, ধুইরাইল, মস্তফাপুর নিয়ে মোট ৫টি ইউনিয়ন রয়েছে। এছাড়া শিবচর পৌরসভার ১, ৪ ও ৫ নং ওয়ার্ড এবং শিবচর, দ্বিতীয়খন্ড, বহেরাতলা দক্ষিণ, বাশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরচর ও পাচ্চর ইউনিয়ন রেড জোনে পড়েছে। তাছাড়া, কালকিনি উপজেলার রেড জোন হলো: কালকিনি পৌরসভার ১, ৪, ৫, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড এবং ডাসার, গোপালপুর, আলীনগর এবং শিকারমঙ্গল ইউনিয়ন। আর, রাজৈর উপজেলার মধ্যে রাজৈর পৌরসভার ৬টি ওয়ার্ড এবং ৪টি ইউনিয়ন লকডাউনের আওতায় রয়েছে।

রেড জোনে নিত্যপ্রয়োজনীয় দোকান ও ব্যাংক ৮টা থেকে ১২টা পর্যন্ত খোলা ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। রেড ও ইয়োলো জোনভুক্ত এলাকায় সকাল থেকেই যানবাহন কম দেখা গেছে। এক জোনের বসবাসকারীরা অন্য জোনে প্রবেশে বিধিনিষেধ থাকায় মোতায়েন রয়েছে আন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী, প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, রেড জোন হওয়ায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে। আগামী ৩০শে জুন পর্যন্ত এই লকডাউন কঠোরভাবে পালন করা হবে। যদি কেউ এই আদেশ অমান্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।

আরও পড়ুন