মাদারীপুরের শিবচরে প্রেমিকার সাথে সম্পর্ক বিচ্ছেদের অভিমানে ৪৬০ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে লাফ দেওয়ার চেষ্টা করেছেন হাসান শিকদার (২২) নামের এক যুবক। রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা এই শ্বাসরুদ্ধকর ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় বিদ্যুৎ বিভাগ ও তার এক বন্ধুর সম্মিলিত প্রচেষ্টায় প্রায় সাড়ে চার ঘণ্টা পর তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদারের সাথে তার প্রেমিকার সম্প্রতি বিচ্ছেদ ঘটে। এই মানসিক কষ্ট সইতে না পেরে রবিবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় একটি ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় ওঠেন তিনি। সেখান থেকে তার প্রেমিকাকে ফোন করে সম্পর্ক টিকিয়ে রাখা এবং দ্রুত টাওয়ারের নিচে আসার অনুরোধ করেন প্রেমিক। কিন্তু প্রেমিকা সেখানে না গেলে তিনি ওপর থেকে লাফ দেওয়ার হুমকি দেন।
এদিকে এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঝুঁকি নিয়ে টাওয়ারের ওপরে উঠে তাকে বোঝানোর চেষ্টা করেন। পরে শিবচর থানা পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুতের কর্মী এবং হাসানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ওই যুবকের কাণ্ড দেখতে টাওয়ারের নিচে হাজারো উৎসুক জনতার ভিড় জমে যায়।
এক পর্যায়ে প্রশাসন, পরিবার ও বন্ধুর দীর্ঘ সাড়ে চার ঘণ্টার প্রচেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে হাসানকে নিয়ে তার বন্ধু নিরাপদে নিচে নেমে আসেন। নিচে নামার পর স্থানীয় জনতার রোষানল থেকে রক্ষা করতে পুলিশ কড়া নিরাপত্তায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে পরবর্তীতে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
উদ্ধার অভিযানের বিষয়ে শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দীর্ঘ সময় ধরে ফোনে ও বিভিন্ন কৌশলে ওই যুবককে বুঝিয়ে শান্ত করেন। প্রায় সাড়ে চার ঘণ্টা পর তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয় এবং এরপর পুলিশ তাকে তার পরিবারের জিম্মায় তুলে দেয়।
ডিবিসি/পিআরএএন