এনবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দাবি করেছেন, নিকোলাস মাদুরোই এখনও দেশটির বৈধ প্রেসিডেন্ট।
দায়িত্ব নেওয়ার পর কোনো আমেরিকান সাংবাদিককে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আইনজীবী হিসেবে আমি বলতে পারি, প্রেসিডেন্ট মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস উভয়েই নির্দোষ।’ তবে তিনি উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী বর্তমানে তিনি প্রেসিডেন্সির দায়িত্বে আছেন এবং অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করছেন।
গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার পর মাদুরো বর্তমানে নিউইয়র্কের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে বন্দি আছেন। মাদুরোর আটকের পর রদ্রিগেজ প্রথমে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করলেও, বর্তমানে তিনি সুর নরম করেছেন এবং যুক্তরাষ্ট্রের চাপের মুখে নমনীয়তা প্রদর্শন করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দুইবার ফোনালাপের পর রদ্রিগেজের যুক্তরাষ্ট্র সফরের সম্ভাবনাও তৈরি হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট কারাকাস সফর করেন। দুই দেশ ভেনিজুয়েলার বিশাল তেলের রিজার্ভ কীভাবে বণ্টন করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। রাইট জানান, "সহযোগিতা দুর্দান্তভাবে শুরু হয়েছে।" তিনি আরও জানান, রদ্রিগেজ হাইড্রোকার্বন আইনে ইতিবাচক পরিবর্তন এনেছেন এবং এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র যা তথ্য চেয়েছে, তা সঠিক প্রমাণিত হয়েছে। রাইটের মতে, ইতিমধ্যে ১ বিলিয়ন ডলারের বেশি ভেনিজুয়েলান তেল বিক্রি হয়েছে এবং আগামী মাসগুলোতে আরও ৫ বিলিয়ন ডলার বিক্রির আশা করা হচ্ছে।
দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে রাইট বলেন, যুক্তরাষ্ট্র রোনাল্ড রিগানের ‘বিশ্বাস করো কিন্তু যাচাই করো’ নীতি অনুসরণ করছে। তিনি উল্লেখ করেন, ভেনিজুয়েলার সরকারের আয়ের প্রধান উৎস এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকায় তাদের হাতে বিশাল ক্ষমতার প্রভাব রয়েছে।
সাম্প্রতিক সপ্তাহে বেশ কিছু রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে এবং আদালতের সামনে বিক্ষোভের সুযোগ দেওয়া হয়েছে, যা কয়েক মাস আগেও অকল্পনীয় ছিল। তবে, বিরোধী নেতা জুয়ান পাবলো গুয়ানি্পাকে কারাগার থেকে মুক্তির পরপরই আবার গৃহবন্দি করা হয়েছে, যা নির্দেশ করে যে নিরাপত্তা ব্যবস্থায় এখনও মাদুরো আমলের কর্তৃত্ববাদী কাঠামো বজায় রয়েছে।
অন্যদিকে, বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের মেডেল দেওয়া সত্ত্বেও, ট্রাম্প তাকে এখনও ভেনিজুয়েলার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পুরোপুরি গ্রহণ করেননি। মাচাদো প্রসঙ্গে রদ্রিগেজ বলেন, দেশে ফিরলে তাকে ভেনিজুয়েলার জনগণের কাছে জবাবদিহি করতে হবে কেন তিনি সামরিক হস্তক্ষেপ ও নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছিলেন।
সূত্র: এনবিসি নিউজ
ডিবিসি/এনএসএফ