মানবাধিকার পদক ও সম্মাননা পেয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস ও ৫২তম বিজয় দিবস উপলক্ষে এই পদক ও সম্মাননা দেয় ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ (বিএইচআরবি)।
বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ পদক ও সম্মাননা তুলে দেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষে পদক গ্রহণ করেন দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা মানবাধিকার সংগঠনকে শুধু সমালোচনাই করতে দেখি। কিন্তু ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ মানবাধিকার রক্ষার পাশাপাশি সফল মানুষ ও প্রতিষ্ঠানকেও সম্মানিত করেছে। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে।
ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে পাঁচজন করে মোট ১০টি পদক ও সম্মাননা দেয় বিএইচআরবি। প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; বসুন্ধরা গ্রুপ; দৈনিক প্রথম আলো; বেক্সিমকো ফার্মা এবং জেএমআই গ্রুপকে পদক ও সম্মাননা দেওয়া হয়।
ব্যক্তি পর্যায়ে পদক ও সম্মাননা পেয়েছেন- ক্রীড়ায় সাকিব আল হাসান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কমিশনার মাকছুদুর রহমান, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আমিনুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী এবং তরুণ কণ্ঠশিল্পী তাশরিফ খান।
বিএইচআরবি-এর সভাপতি ও সাবেক বিচারপতি আবু বকর সিদ্দীকীর সভাপতিত্বে পদক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএইচআরবি-এর মহাসচিব মো. শাহজাহান, গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান প্রমুখ।